বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যে আগ্রহ কম্বোডিয়ার
বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বাংলাদেশে তৈরি উচ্চমানের প্রযুক্তিপণ্য নিতে আগ্রহী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সেই আগ্রহের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর র্যাডিসন হোটেলে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের বাংলাদেশী আন্তর্জাতিক ব্র্যান্ড ওয়ালটনের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত কম্বোডিয়ান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কান চ্যানমেতার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব পোস্ট, টেলিকমিউনিকেশনস অ্যান্ড আইসিটি ভাইস প্রেসিডেন্ট হেন স্যামবওয়েন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক ভ্যাট চুন এবং টেলিযোগাযোগ বিভাগের মহাপরিচালক তোল ন্যাক।
আইসিটি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মনির হোসেন।
ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিয়াকত আলী, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুর রউফ এবং ডেপুটি ডিরেক্টর অগাস্টিন সুজন।
বৈঠকে কম্বোডিয়ার প্রতিনিধিদলের নেতা কান চ্যানমেতা বলেন, আসিয়ান দেশগুলোর মধ্যে কম্বোডিয়া হতে পারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্র। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে স্টার্টআপ সংস্কৃতির উন্নয়ন এবং সাইবার আকাশের সুরক্ষায় কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছি। পাশাপাশি বিটুবি পদ্ধতিতে ওয়ালটনের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তিনি কম্বোডিয়ার স্পেশাল ইকোনমিক জোন-এ ওয়ালটনকে কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। একইসঙ্গে আগামী ২০ থেকে ২২ মার্চ কম্বোডিয়ায় অনুষ্ঠিতব্য ডিজিটাল মেলায় অংশ নিয়ে বাংলাদেশে তৈরি ওয়ালটনের বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনের আহ্বান জানান তিনি।